সংসদ টিভি আর ফেসবুকে শুরু হলো পাঠদান

২৯ মার্চ, ২০২০ ১৭:৫৮  
নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ঘরে বসেই স্কুলের ক্লাস চালিয়ে যেতে সংসদ টিভিতে শুরু হয়েছে ভার্চুয়াল পাঠদান। রোববার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পাঠদান। এদিন ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, সপ্তম শ্রেণির আইসিটি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণির গণিত, ইংরেজি এবং নবম শ্রেণির গণিত, আইসিটি বিষয়ের ক্লাস দেখানো হয়েছে। ক্লাসগুলো দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পুনঃপ্রচার করা হয়। আইসিটি বিভাগের ফেসবুক পেজেও প্রথম দিনের ক্লাস সরাসরি সম্প্রচার করা হয়। যে কোনো সময় পেজ থেকে ক্লাসটি দেখা বা ডাউনলোডেরও সুযোগ রয়েছে। এদিকে ‘আমার ঘরে আমার ক্লাস’ শিরোনামে ২ এপ্রিল পর্যন্ত ক্লাস রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। পরের সপ্তাহের রুটিন আগামী ১ এপ্রিল প্রকাশ করা হবে।